রবীন্দ্রজয়ন্তীতে শনিবার (৯ মে) ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। বর্তমান বিধানসভার মেয়াদ বুধবার রাত ১২টার পর শেষ হতে চলেছে। এদিকে, বিজেপির ভূমিধস জয়ের পাল্টাপাল্টি সহিংসতা থামছেই না। এপর্যন্ত নিহত হয়েছেন অন্তত চারজন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ পশ্চিমবঙ্গ যাচ্ছেন বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার (৪ মে) ফলাফল ঘোষণার পর শুরু হয় বিজেপি আর তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের সংঘর্ষ। জলপাইগুড়ি, হুগলি, কৃষ্ণনগর, ভাঙড়, বারুইপুরসহ বিভিন্ন এলাকায় ভাঙচুর-অগ্নিসংযোগ-দখল হয়েছে তৃণমূলের কার্যালয়। বীরভূমে সন্তোষপুর গ্রামে বিজেপির কর্মী-সমর্থকরা আবির শেখ নামে দলীয় কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ তুলেছে তৃণমূল। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী যাদব বরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি আর তৃণমূল কর্মীদের মধ্যে গোলাগুলি হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। উত্তর চব্বিশ পরগনার একাধিক এলাকায় দুই পক্ষের সংঘর্ষ আর গোলাগুলি হয়েছে। এসময় গুলিবিদ্ধ হন ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন। গুলিতে আহত হয়েছে এক কনস্টেবল।
সোমবার যাদবপুরে লেনিনের মূর্তিতে গেরুয়া আবীর ছেটানোর পরদিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গুঁড়িয়ে দেয়া হয়েছে লেনিনের একটি আবক্ষ মূর্তি। মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে, মাংসের দোকান ভাঙতে নেয়া হয় বুলডোজার। এসময় নিরব ভূমিকায় ছিলো পুলিশ।
এদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাতে পশ্চিমবঙ্গ সফরে গিয়ে একাধিক বৈঠক করবেন তিনি। পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? তা নিয়ে এখনো জল্পনাকল্পনা চলছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী।

ডেস্ক রিপোর্ট 


















