খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সায়েম ফেরদৌসের বাড়ি পাবনা জেলায়।
কুয়েট সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ৪টার দিকে খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। সহপাঠীরা দ্রুত খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে অভিযান শুরু করে। প্রায় ২৫ ফুট গভীর পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৫টা ৫ মিনিটে ডুবুরি দল পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পরই চিকিৎসকের কাছে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হোসেন মাসুম জানান, বিকেলে কুয়েট ২৪ ব্যাচের শিক্ষার্থী এসএম সায়েম ফেরদৌস পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। ২০-২৫ মিনিট পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে কুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ডেস্ক রিপোর্ট 


















