কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে করা একটি মামলায় পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মো. রিয়াজ মাতুব্বর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জিআর ৪৪/১৩ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার ভোর রাতে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিয়াজ মাতুব্বরের স্ত্রী শাম্মী আক্তার রশ্নি অভিযোগ করে জানান, গভীর রাতে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে রিয়াজ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি দাবি করে জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালে শংকরপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পান্না আকনের প্ররোচনায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে তার স্বামীর বিরুদ্ধে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা করা হয়েছিল।
শাম্মী আক্তার বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও আমার স্বামী একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। এখন বিএনপি সরকারের সময়েও তাকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হলো।’
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ২০১৩ সালের একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















