মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করলে সাতজনক আটক করে ধানমন্ডি থানা পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, আজ বিকেলে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও শুরুর সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। জানাজা শেষে তারা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন।
ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এবং মিছিল বের করার সময় আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা মিছিল দিয়ে এলাকায় উত্তেজনা ছড়ানো এবং আইনশৃঙ্খলার অবনতির পাঁয়তারা করার চেষ্টা করলে সাতজনকে আটক করে থানায় নেওয়া হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত বছরের ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট 


















