সুপ্রিম কোর্ট এলাকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অফিস ভবনের নিচতলা ও দোতলার লিফটের সামনে থাকা জানালার থাই গ্লাসের দুটি অংশ খুলে ফেলে। পরে একটি অংশ ভবনের পেছন দিয়ে নিয়ে যেতে সক্ষম হলেও অপরটি নিয়ে যেতে পারেনি। এ সময় শব্দ শুনে দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে সকালে অবহিত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এটিকে নাশকতা হতে পারে বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে অফিসকে ঘিরে চাকরিচ্যুত কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে অপপ্রচার চালাচ্ছে, এতে তাদের ইন্ধন থাকতে পারে।
তিনি তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন এবং ঘটনায় জড়িতদের পাশাপাশি ইন্ধনদাতাদেরও শনাক্ত করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে পুলিশকে আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 






















