এবার কুমিল্লায় আলোচিত ঘটনাকে কেন্দ্র করে সংগঠন থেকে বহিষ্কৃত শিবির নেতা জিসানের শারীরিক অবস্থা নিরূপণে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার রাতে চার সদস্যের এ বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান। তিনি জানান, বর্তমানে জিসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার প্রকৃত শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হেলালুর রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল্লাহ আল হাসান, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহেদুল ইসলাম এবং অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বোর্ডের পর্যবেক্ষণ ও মতামতের ভিত্তিতে জিসানের পরবর্তী চিকিৎসা বা ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তিনি সুস্থ বলে বিবেচিত হন, তাহলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হবে। অন্যথায় প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত থাকবে।
অন্যদিকে, জিসানের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা শামছুল আলম শাহ দাবি করেন, জিসান অসুস্থতার অভিনয় করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে তাকে আদালতে হাজির করা হবে।

ডেস্ক রিপোর্ট 























