ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট তার আগের কার্যদিবসে অনলাইনে প্রকাশ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ভিসা আবেদন আপলোড সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট উন্মুক্ত করা হবে।
আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ কপি হতে হবে। কোনো আবেদন ৩০ দিনের বেশি পুরোনো হলে তা গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি কোনো পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল আপলোড করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
মেডিকেল ভিসার ক্ষেত্রে আরও কঠোর নির্দেশনা দিয়েছে আইভ্যাক। নতুন নিয়ম অনুযায়ী, মেডিকেল ভিসা পাওয়া আবেদনকারীদের অবশ্যই ভিসায় উল্লেখিত নির্দিষ্ট হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর পূর্ব অনুমতি নিতে হবে।
আইভ্যাক সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা নীতিমালার গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

ডেস্ক রিপোর্ট 



















