এবার স্মার্টফোন ব্যবহার বন্ধ করছেন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মচারীরা। বুধবার আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এ বিষয়ে এক আদেশ জারি করেন। আদেশে ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।
সকল সরকারি কর্মচারীর জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে একটি চিঠি গত সপ্তাহে সর্বোচ্চ আদালতের প্রতীকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সর্বোচ্চ আদালত কোনো সাড়া দেয়নি।
চিঠিতে বলা হয়, ‘নিজ নিজ প্রদেশের সকল বিভাগীয় প্রধানদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন তাদের উচ্চপদস্থ বা নিম্নপদস্থ সকল কর্মচারীকে জানিয়ে দেন, আগামী ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’
চিঠিতে সামরিক ও বেসামরিক বিভাগের সকল কর্মচারীর কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শুধুমাত্র সর্বোচ্চ নেতাই এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দিতে পারবেন। এই সিদ্ধান্তের বিষয়ে আফগান সরকারের দুজন মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। তবে তারা এতে কোনো সাড়া দেননি। সূত্র: ডন

ডেস্ক রিপোর্ট 






















