সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। ভেজালবিরোধী অভিযান, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শত শত অভিযান পরিচালনা করে প্রশংসা অর্জন করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের হিসাব চাওয়া এবং মাজারের ঐতিহাসিক ডেগের মুখ সিলগালা করার ঘটনায় তিনি নতুন করে আলোচনায় আসেন।
সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে সিলেটে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যেই তাকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

ডেস্ক রিপোর্ট 
























