কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
নিহত বাংলাদেশিরা হলেন— সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ডেস্ক রিপোর্ট 






















