কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না। প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তিনি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবেন। প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চ করবেন। এমনকি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গোলাবাড়িতে মাদক ও অপরাধ দমন করা যাচ্ছে না। সেখানে মূল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কাউকে গ্রেফতার করলে কেউ অসন্তুষ্ট হতে পারে—এমন চিন্তা করলে চলবে না।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা প্রস্তুত করতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা নিতে পারে, তাহলে ভালো। অন্যথায় তিনি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকার যদি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকার কোনো অর্থ নেই। সে ক্ষেত্রে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।
আলোচনা সভায় জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকুর উদ্দেশে তিনি প্রশ্ন তুলে বলেন, হত্যা ও মাদকসহ ৩৫টি মামলার আসামি কীভাবে জামিন পায়। এ ধরনের মামলায় আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লা বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 























