দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে আগামী আগস্টের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিকভাবে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে সরকার।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমানে চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে।
মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ধাপ। এ সময় কেন্দ্রটির সব ধরনের কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষা অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।
সব পরীক্ষা সফলভাবে শেষ হলে চলতি বছরের আগস্টের শেষ দিকে প্রথমবারের মতো রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে উৎপাদিত হবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
তিনি জানান, পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটিতে রয়েছে দুটি ইউনিট, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট।
সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করবে।

ডেস্ক রিপোর্ট 





















