বিশ্বকাপে মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা যখন শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত ছন্দে রয়েছে, ঠিক তখনই দেশটির রাজনীতিতে সামনে এসেছে বড় ধরনের দুর্নীতির অভিযোগ।
দুর্নীতি ও সম্পদ গোপনের বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর প্রধান সহকারী মানুয়েল আদোর্নি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর কর্তৃপক্ষের কাছে প্রায় পাঁচ লাখ ডলারের সঞ্চয়ের তথ্য গোপন করার বিষয়টি স্বীকার করার মাত্র দুই সপ্তাহের মাথায় পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
৪৬ বছর বয়সী আদোর্নি সম্প্রতি তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তার বিরুদ্ধে পরিবারের ব্যয়বহুল অবকাশযাপন এবং সরকারি আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উচ্চমূল্যের সম্পত্তি কেনার অভিযোগও উঠেছে।
এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিরোধীরা ঘটনাটিকে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বড় প্রশ্ন হিসেবে দেখছে।
যদিও অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত এখনও চলমান, তবে বিতর্কের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্টের এই ঘনিষ্ঠ সহযোগী।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও এই ঘটনা আর্জেন্টিনার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















