চলতি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে জাপান। গ্রুপ পর্বে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে এশিয়ার পরাশক্তিরা। এবার তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান জানালেও জয় ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সামুরাই ব্লুরা।
আগামী ২৯ জুন হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বিশ্বকাপের নক–আউট পর্বের ম্যাচে মুখোমুখি হবে জাপান ও ব্রাজিল। কাগজে–কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার স্বপ্নকে অসম্ভব মনে করছেন না জাপানের কোচ হাজিমে মোরিয়াসু এবং তার শিষ্যরা।
এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স। গত বছরের সেপ্টেম্বরে টোকিওতে প্রীতি ম্যাচে ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়েছিল জাপান। সেই জয় যেন বদলে দিয়েছে দলের মানসিকতা। এরপর টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে তারা। এই সময়ে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে এবং তিউনিসিয়াকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে। তিউনিসিয়ার বিপক্ষে সেই জয় বিশ্বকাপ ইতিহাসে কোনো এশীয় দলের এক ম্যাচে চার গোল করার বিরল কীর্তিও এনে দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















