ফুটবলের সঙ্গে পেশাগতভাবে তার কোনো সম্পর্ক নেই। তবু বিশ্বকাপ এলেই আলোচনায় উঠে আসে তার নাম। কারণ, গত তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিয়ে তাঁর করা পূর্বাভাস মিলেছে অবিকল। সেই জার্মান অর্থনীতিবিদ ও গবেষক হোয়াকিম ক্লেমেন্ট এবার এমন এক ভবিষ্যদ্বাণী করেছেন, যা ব্রাজিল সমর্থকদের জন্য মোটেও সুখকর নয়।
ক্লেমেন্টের গাণিতিক মডেল বলছে, এবারের বিশ্বকাপের নকআউট পর্বেই বিদায় নিতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাঁর পূর্বাভাস অনুযায়ী, রাউন্ড অব-৩২-এ জাপানের কাছে হারবে সেলেসাওরা।
বিশ্বকাপের ফল অনুমান করতে ক্লেমেন্ট শুধু মাঠের পরিসংখ্যানের ওপর নির্ভর করেন না। তার বিশ্লেষণে জায়গা পায় মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রাসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সূচক। এসব তথ্যের সমন্বয়ে তৈরি করা মডেল থেকেই প্রতিটি দলের সম্ভাবনা নির্ধারণ করা হয়।
এই মডেল অতীতে বেশ সফলও হয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২২—টানা তিনটি বিশ্বকাপেই ক্লেমেন্ট যে দলকে শিরোপার দাবিদার হিসেবে দেখিয়েছিলেন, শেষ পর্যন্ত তারাই ট্রফি জিতেছে। তাই তাঁর নতুন পূর্বাভাসও স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে।
অন্যদিকে, জাপানও এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে এশিয়ার প্রতিনিধিরা। সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী দলটি এবার ব্রাজিলের বিপক্ষেও চমক দেখানোর আশা করছে।
জাপানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু স্মরণীয় ফল। গত বছরের সেপ্টেম্বরে টোকিওতে প্রীতি ম্যাচে ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলকে ৩-২ গোলে হারায় তারা। এরপর থেকে টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। এই সময়ে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে এবং তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। তিউনিসিয়ার বিপক্ষে সেই জয় বিশ্বকাপ ইতিহাসে কোনো এশীয় দলের এক ম্যাচে চার গোল করার বিরল কীর্তিও এনে দেয়।
এখন দেখার বিষয়, ক্লেমেন্টের গাণিতিক পূর্বাভাস আবারও বাস্তবে রূপ নেয় কি না। সোমবার (২৯ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে নকআউট পর্বের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। সেই ম্যাচেই মিলতে পারে বহুল আলোচিত এই ভবিষ্যদ্বাণীর প্রথম উত্তর।

ডেস্ক রিপোর্ট 



















