বরিশালের আগৈলঝাড়ায় চোর সন্দেহে গ্রেপ্তারকৃত আসামি থানাহাজতের লোহার গেইটে নিজের মাথা ঠুকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি আগৈলঝাড়া থানার সিসিটিভি ফুটেজের একটি অংশ।
৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গত ৮ জুলাই বিকেল ৩টা ৪৬ মিনিটে এক ব্যক্তিকে পুলিশ লোহার গেইট খুলে হাজতের মধ্যে প্রবেশ করায়। এরপর ওই ব্যাক্তি নিজের মাথা হাজতের লোহার গেইটের সঙ্গে বেশ কয়েকবার ঠুকে মেঝেতে এলিয়ে পড়ে। এ সময় ওই হাজতে আরও দুই ব্যক্তি বসা ছিল।
আগৈলঝাড়া থানা সূত্র এর আগে জানানো হয়েছে, গত ৮ জুলাই চোর সন্দেহে রিয়াজ ফকির নামে একজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সে হাজতের দরজায় মাথা ঠুকিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাই তাকে চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, গতকাল ৯ জুলাই এলাকায় গুজব ছড়ায় রিয়াজ মারা গেছে। এই অভিযোগে রিয়াজের স্বজনরা কয়েকশ নারী-পুরুষ এনে থানায় হামলা-ভাঙচুর চালায়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১২ জন আহত হয়।
এ ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ তিন শতাধিক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ পর্যন্ত ১৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছ বলে জানিয়েছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট 


















