বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে গঠিত এই জোটের মূল লক্ষ্য হবে কৌশলগত সমুদ্রপথে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা জোরদার করা।
সৌদি আরবের পাশাপাশি জোটের সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে অস্থিতিশীলতার কারণে বিকল্প সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা বেড়েছে। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় বাব আল-মান্দেব, লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজও বাড়তি ঝুঁকির মুখে পড়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত ৫১ দেশের মধ্যে ৪৩ দেশের প্রতিনিধি অংশ নেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও বৈঠকে উপস্থিত ছিল। যদিও ইইউর নিজস্ব সামুদ্রিক নিরাপত্তা মিশন রয়েছে, নতুন সৌদি নেতৃত্বাধীন জোটের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
প্রাথমিকভাবে জোটে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ বা বিমান দেবে, তা প্রকাশ করা হয়নি। তবে সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সমন্বিত সামরিক মহড়া এবং প্রয়োজনীয় সামুদ্রিক অভিযান পরিচালনার বিষয়ে একমত হওয়া হয়েছে।
সৌদি আরব জোর দিয়ে বলেছে, এই জোটের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি। জোটটির সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে অন্যান্য দেশও এই জোটে যোগ দিতে পারবে।
বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই কৌশলগত জলপথে নিরাপত্তা নিশ্চিত করাকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডেস্ক রিপোর্ট 

























