হবিগঞ্জের ঘটনায় দায়ের হওয়া মামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মামলাটিকে ‘পুরোনো অভ্যাসের’ ধারাবাহিকতা বলে মন্তব্য করেন।
শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সারজিস লেখেন, অতীতে আওয়ামী লীগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা করেছিল। এবার হবিগঞ্জের ঘটনায় ‘গউস এমপির নির্দেশে’ ছাত্রদল তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেছে বলেও দাবি করেন তিনি।
পোস্টের শেষাংশে সারজিস আলম লেখেন, “সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! বি আ লিটল ডিগনিফাইড, প্লিজ!”
উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এনসিপির অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে বিএনপি হামলার অভিযোগ অস্বীকার করেছে। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে মামলাও দায়ের হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























