মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিংয়ের গাড়ির নিচে চাপা পড়ে আমির হামজা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেলে গাংনী উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আমির হামজা গাংনী উপজেলার রামনগর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে। সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সবুজ আহমেদ জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিস্কুট, পাউরুটি ও ডিম বিতরণের স্কুল ফিডিংয়ের গাড়িটি বিদ্যালয়ে প্রবেশ করলে আমির হামজা গাড়িটির ওপর উঠে যায়। পরে চালক গাড়িটি পেছনে (ব্যাক) নেওয়ার সময় অসাবধানতাবশত শিশুটি গাড়ির নিচে পড়ে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বামুন্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের গাড়ি ঢোকার পর আমির হামজা গাড়ির ওপরে ওঠে। এ সময় গাড়িটি পেছনে নেওয়ার সময় সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান বলেন, আমির হামজা বয়সে ছোট হলেও খুব হাসিখুশি ও সবার সঙ্গে মিশুক ছিল। এভাবে চোখের সামনে বিদ্যালয়ের একটি শিশু গাড়ির নিচে চাপা পড়ে মারা যাবে, তা ভাবতেও কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে বিদ্যালয়ের সবাই গভীরভাবে শোকাহত।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের গাড়ির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 


















