আগামীকাল বুধবার (১২ আগস্ট) ঘটতে যাচ্ছে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে, গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে।
এই পূর্ণ সূর্যগ্রহণের পূর্ণগ্রাসের পথ বিস্তৃত হবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন এবং পর্তুগালের একটি ছোট অংশের ওপর দিয়ে। বিশেষ করে স্পেনের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর থেকে পূর্ণগ্রাস দেখা যাবে।
১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডের বড় একটি অংশ থেকে এমন পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হচ্ছে। আর পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের পুরো চাকতিকে সাময়িকভাবে ঢেকে দেয়। গ্রহণের পূর্ণগ্রাস খুব সরু একটি পথে দেখা যায় বলেই এমন দৃশ্য তুলনামূলকভাবে বিরল। NASA-এর তথ্য অনুযায়ী, এবারের গ্রহণে পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থায়িত্ব হবে ২ মিনিট ১৮ সেকেন্ড।

ডেস্ক রিপোর্ট 























