গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, উপদেষ্টা পরিষদের সদস্যদের একটি অংশ জাতির সঙ্গে প্রথম বেঈমানি করেছে দল গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তিনি বলেন, “দল করবেন ভালো কথা, সরকারে না গিয়ে তো দল করতে পারতেন। কিন্তু উপদেষ্টা পরিষদের পদের শপথ লঙ্ঘন করে দল গঠনে অংশগ্রহণ বেঈমানির শামিল।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসব মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, “যখন আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল চলছিল। সেই সময়ে প্রার্থীদের তিনি ফোন দিয়ে বারবার বলছিলেন, কাউন্সিলে অংশ না নিতে। বলেছিলেন—তুমি যেও না, আমাদের সাথে থাকো, যা লাগে সব দেওয়া হবে।” তিনি অভিযোগ করেন, “এমনকি মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম নিজেরাও আমাদের সঙ্গে বসে দল গঠনের পরিকল্পনা করছিলেন। এগুলো অস্বীকার করার কিছু নেই।”
তিনি আরও বলেন, “দল গঠন একটি চলমান প্রক্রিয়া। উপদেষ্টা পরিষদে থেকেই নাহিদ ইসলাম ওই প্রক্রিয়ায় যুক্ত হন। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এখনো এনসিপির সঙ্গে কাজ করছেন। রেস্টুরেন্টে এনসিপি নেতাদের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠকের ভিডিও ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।”
রাশেদ খান এনসিপি নেতাদের উদ্দেশে বলেন, “তাদের ছয়জনের সঙ্গে যার যার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল, তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টাকে নিয়েছে। এখন সেই উপদেষ্টাদের মাধ্যমেই তদবির, বাণিজ্য, সুবিধা নেওয়ার কাজ চলছে।”

ডেস্ক রিপোর্ট 

























