গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারলে সরকারকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে।
তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার (১৪ আগস্ট) আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে- এমন আশ্বাস দেওয়া হলেও নির্বাচনের পর বিএনপি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
গণভোট নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের অব্যবস্থাপনা ও দলীয়করণের কারণে দেশে সংকট তৈরি হচ্ছে মন্তব্য করে নাহিদ ইসলাম গণভোটের রায় বাস্তবায়ন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 


















