কুমিল্লা চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানার গেটের সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার সামনে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তির নাম আবু তাহের মজুমদার। তার বাড়ি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে।
স্থানীয়রা জানায়, আবু তাহের মজুমদারের বড় ছেলে শহিদুল ইসলাম শরীফ (৩০) দীর্ঘদিন ধরে তার বাবাকে নির্যাতন করে।
শরীফ মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল হওয়ায় এলাকায় একাধিকবার সালিস করেও কোনো প্রতিকার মেলেনি। এ জন্য আবু তাহের শনিবার দুপুরে ছেলের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে থানায় প্রবেশের সময় হঠাৎ গেটের সামনে লুটিয়ে পড়েন। এ সময় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি আরিফ হোসাইন বলেন, ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটে অসুস্থ হয়ে পড়েন আবু তাহের।
পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ডেস্ক রিপোর্ট 


















