আপসহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (সাবেক বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ) ছাত্রদলের উদ্যোগে আল-মারকাজুল ইসলাম একাডেমির ৫০ জন দৃষ্টিহীন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে উন্নতমানের দুপুরের খাবার ও ব্রেইল (দৃষ্টিহীনদের জন্য বিশেষ হরফ) কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ইফতেখার আহমেদ শিহাবের সঞ্চালনায় এ মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, ‘খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের ব্রেইল কোরআন শরিফ উপহার দৃষ্টিহীনদের জন্য স্বপ্নপূরণ। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে। কতখানি হিংসাত্মক হলে সেই নামটিও বাদ দেওয়া যায়, এটা সুস্থ মানুষের বোধগম্য নয়। শুধু শেখ হাসিনা ও তার পরিবারের নামেই ৮০৮টি প্রতিষ্ঠান ছিল।’
এ সময় ডা. আউয়াল আরও বলেন, ‘এত প্রতিষ্ঠান করেও মানুষের মনে জায়গা করে নিতে পারেননি শেখ হাসিনা। খালেদা জিয়া পেয়েছিলেন ফুলের মালা আর ফ্যাসিস্ট হাসিনার গলায় এখন জুতার মালা। কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উক্তির ন্যায় বলতে হয়, মরণে হেসেছেন বেগম খালেদা জিয়া, কেঁদেছে সমগ্র ভুবন। নব্বইয়ে গণতন্ত্রের অন্ধকারে আলো জ্বালিয়েছেন বেগম খালেদা জিয়া; আজ তারই যোগ্য উত্তরসূরি ছাত্রদলের নেতৃবৃন্দ দৃষ্টিহীন আলেম ভাইদের মাঝে কোরআনের আলো জ্বালিয়েছেন। এজন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
ব্রেইল কোরআন শরিফ বিতরণের এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, ডা. সুদীপ্ত পাল, ডা. সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাত, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, লাভলু, আসলামসহ নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 


















