দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী সরে দাঁড়াননি। ফলে আগামী ২০ আগস্ট নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার বিকেল ৪টার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে গত ১৬ আগস্ট বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে, জাতীয় সংসদে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিটটি করেন। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছিল।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় প্রতীকে নির্বাচিত কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।
এদিকে, ২০১৮ সালেও একই অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন ইউনুছ আলী আকন্দ। পরে হাইকোর্টের একটি একক বেঞ্চ ওই রিট খারিজ করে দেন।

ডেস্ক রিপোর্ট 





















