চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫০) নামের আরও এক শ্রমিক মারা গেছেন।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
নিহত ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে। গত শুক্রবার (১৪ আগস্ট) সকালে দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়ি জামালপুরে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
তিনি বলেন, দুর্ঘটনার পর ইদ্রিস আলীকে অসুস্থ অবস্থায় ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।
জাহাজভাঙা কারখানায় সকাল ৯টার দিকে ব্যালাস্ট ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকরা। এতে ৯ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ইদ্রিস আলীও ছিলেন।
ন্যাশনাল হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. ফারুক বলেন, বুধবার ইদ্রিস নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি দুর্ঘটনার দিন থেকে হাসপাতালের আইসিইউয়ে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) ভর্তি ছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















