চট্টগ্রামের ফটিকছড়িতে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার (২১ আগস্ট) উপজেলার লেলাং ইউনিয়ন এবং ফটিকছড়ি পৌরসভা এলাকায় পৃথকভাবে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, মশাল হাতে এসব মিছিলে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে চালানো গ্রেনেড হামলার প্রতিবাদ জানান।
মিছিল থেকে হামলায় নিহতদের স্মরণ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিও জানানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান বলেন, মশাল মিছিলের বিষয়টি পুলিশের নজরে এসেছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। নিহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানও।

ডেস্ক রিপোর্ট 

























