বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে এমন কোনো ঘটনা ঘটেনি, যার পর আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার করতে পারেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ শান্তিতে খেয়ে-পরে বসবাস করতে চায়। বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের এসব মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই মহানবীর দেখানো পথে সবাইকে চলার আহ্বান জানান রিজভী।

ডেস্ক রিপোর্ট 




















