দেশে কোনো সারের সংকট নেই দাবি করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্রকারীরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
বুধবার দুপুরে দিনাজপুরের হিলির বোয়ালদাড় স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কুড়িগ্রামে সারের ঘটনা ও যশোরে বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, গত ১৯ বছর যারা বাংলাদেশকে লুটপাট করে অর্থনৈতিকভাবে ফোকলা করেছে এবং মানুষের অধিকার হরণ করেছে, তারাই এখন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
কুড়িগ্রামের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে সারের সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছিল। পরে দেখা যায়, যারা গুদাম থেকে সার নিয়ে গিয়েছিল, তারাই আবার সেগুলো ফেরত দিয়ে গেছে। তাই সেখানে প্রকৃতপক্ষে সারের কোনো সংকট ছিল না বলেও দাবি করেন তিনি।
যশোরে বিদ্যুৎ সংকটে মাছ মারা যাওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে মাত্র ৪০ মিনিট বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকলেই মাছ মারা যাবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, পলাতক স্বৈরাচার ও তাদের দোসররা সার ও বিদ্যুতের সংকটের কথা বলে মানুষকে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
এসব অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী। একই সঙ্গে অন্যায় ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ডেস্ক রিপোর্ট 























