হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র ও প্রক্সি বাহিনীগুলোর হামলা বন্ধের শর্তে তেহরানকে নতুন সমঝোতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাব অনুযায়ী, ইরান এসব শর্ত মেনে নিলে ওয়াশিংটন সম্প্রতি শুরু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাতিল করবে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চলমান নৌ অবরোধও শেষ করা হবে।
মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাস ও আল-আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি প্রকাশ করেছে আরব আমিরাতের একটি সংবাদমাধ্যম ও ইসরায়েলের জেরুসালেম পোস্টও।
সূত্রগুলোর দাবি, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মাধ্যমে তেহরানে এই প্রস্তাব পৌঁছানো হয়েছে। সম্প্রতি এক দিনের সফরে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন। বৈঠকটিকে ‘স্পষ্ট ও সিদ্ধান্তমূলক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। মুনিরের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও ছিলেন।
প্রস্তাবটি গত জুনে আলোচিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার কিছু বিষয় পুনরুজ্জীবিত করার উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ওই সমঝোতার অন্যতম লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা।
মোহসেন রেজায়ি আসিম মুনিরকে জানিয়েছেন, প্রস্তাবটি নিয়ে তেহরানে অভ্যন্তরীণ আলোচনা হবে এবং শিগগিরই যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়া হবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আপাতত ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে না। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রগুলোর মতে, সামরিক পদক্ষেপের পরিবর্তে ওয়াশিংটন এখন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এবং পাল্টা ইরানি হামলার পর হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরবর্তী সময়ে যুদ্ধবিরতি হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি।
এখন একদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ জোরদার করছে ওয়াশিংটন, অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে সমঝোতার প্রস্তাবও দিচ্ছে। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নতুন করে কূটনৈতিক দরকষাকষির দিকে এগোচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















