মাজারে যেন কোনোভাবেই মাদক সেবন না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রায়পুরায় আয়োজিত জশনে জুলুস, দরুদ, মিলাদ কিয়াম ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এমপি বকুল বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, নবী করিম (সা.) দুনিয়ায় না এলে আমরা সুন্দর জীবনের সন্ধান পেতাম না।’ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ করে সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দিবসটি উপলক্ষে এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পীরজাদা মো. জাকির হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি ঈদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ ও নাজমুল হাসান ভূঁইয়া মোহন, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহাম্মেদ চৌধুরী মানিক ও যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান শাহীন মাস্টার এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সোহেল।
এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ডেস্ক রিপোর্ট 


















