লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের দক্ষিণ হানুবাইশ গ্রামের হাজী বাড়িতে সন্তানদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মা-বাবার ঠাঁই হয়নি তিন সন্তানের ঘরে। গত তিন দিন যাবত একটু আশ্রয়ের আশায় এই ঘর থেকে ওই ঘরে ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধ দম্পতি। রাত যাপন করছেন ছেলেদের ঘরের সামনের বৈঠকখানায়। খেয়ে না খেয়েই বিগত তিন দিন অতিবাহিত করছেন এই দম্পতি।
জানা গেছে, ওই বাড়ির বৃদ্ধ আতর মিয়া (১১৫)ও শামসুন্নাহার (৯০) দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন। তিন ছেলে যে যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত। গত বছরখানেক যাবত তিন ছেলে ইব্রাহিম (৫০) রহিম (৪৫) ও তছলিম (৪১) তাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য মা-বাবাকে চাপ সৃষ্টি করেন, কিন্তু তাদের সম্পত্তি লিখে না দেওয়ায় মা-বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হয়।
উপায়ান্তর না দেখে তখন তারা বড় মেয়ে লাকি বেগমের (৫৫) বাড়িতে আশ্রয় নেন। বিগত ৮ মাস যাবৎ তারা লাকি বেগমের বাড়িতে থাকার পর গত ২৩ আগস্ট রোববার আবার বাড়িতে ফিরে আসলে ছেলেরা আর তাদেরকে ঘরে জায়গা দিচ্ছেন না বলে আতর মিয়া ও শামসুন্নাহার অভিযোগ করেন।
এ ব্যাপারে শামসুন্নাহার দম্পতির বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা মা-বাবার কাছ থেকে কোনো রকম সাহায্য-সহযোগিতা পাইনি। তারা অনেক কঠিন মা-বাবা। তারা সবসময় তাদের মেয়েদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন । তাই সম্পত্তি আমাদের নামে লিখে দিতে বলেছিলাম; সম্পত্তি লিখে না দিলে আমরা ঘরে জায়গা দেব না বলে জানিয়ে দিয়েছি।’
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানান, ঘটনাটি আমি জেনেছি, খোঁজখবর নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 


















