ব্রিকস সম্মেলনের আগে ভারতের রাজধানী নয়াদিল্লির দুই পাঁচতারকা হোটেলে গুরুতর খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল দুটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ—এফএসএসএআই।
বুধবার (২৬ আগস্ট) অ্যারোসিটির Andaz Delhi এবং JW Marriott Hotel New Delhi Aerocity-এ পরিদর্শন চালিয়ে এসব অনিয়ম শনাক্ত করে সংস্থাটি।
আন্দাজ দিল্লির কনফেকশনারি সেকশন থেকে ৮৭ কেজি মেয়াদোত্তীর্ণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও কেকের বেস, পাশাপাশি পেস্ট্রি সেকশনে মাছি ও তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়।
হোটেলটির রান্নাঘরে নিরামিষ ও আমিষ খাবারের জন্য ব্যবহৃত কাটিং বোর্ড একই পানির পাত্রে রাখা হয়েছিল বলেও জানায় কর্তৃপক্ষ।
অন্যদিকে, জেডব্লিউ ম্যারিয়টে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই খুচরা কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে উৎপাদকের ঠিকানা না থাকা এবং ভুল লাইসেন্স নম্বর ছাপানোর মতো অনিয়মও ধরা পড়ে।
পরিদর্শনে হোটেলটির বিভিন্ন স্থানে তেলাপোকা ও ফল-মাছির উপদ্রব, অপরিষ্কার খাদ্য স্পর্শকারী পৃষ্ঠ এবং না ধোয়া রান্নার পাত্র পাওয়া যায়। এমনকি পানিতে দৃশ্যমান ময়লার কণাও শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া ছত্রাক আক্রান্ত আপেল ও পচা টমেটোর মতো নষ্ট উপাদান খাবার তৈরিতে ব্যবহারের অভিযোগও উঠে এসেছে। খাবার ঢাকনা ছাড়া রাখা, ক্ষতিগ্রস্ত পাত্রে সংরক্ষণ এবং নিরামিষ-আমিষ খাবার সঠিকভাবে আলাদা না করার কারণে ক্রস-কন্টামিনেশনের ঝুঁকি তৈরি হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনের অতিথিদের থাকার জায়গা ও অনুষ্ঠানস্থল হিসেবে হোটেল দুটিই তালিকাভুক্ত রয়েছে।
এফএসএসএআই জানিয়েছে, সংগৃহীত নমুনার বিশ্লেষণ এবং হোটেল কর্তৃপক্ষের সংশোধনী পদক্ষেপ পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 



















