গরুর মাংস রান্নার সময় উজ্জ্বল সবুজ রং ধারণের ঘটনায় বেশ আলোড়ন সৃষ্টি হয় খুলনার পাইকগাছায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয়েছিল। এবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ল্যাবরেটরি পরীক্ষায় তার সম্ভাব্য বৈজ্ঞানিক কারণ পাওয়া গেছে। পরীক্ষার ফলাফলে মাংসে কোনো ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পচনের আলামত পাওয়া যায়নি।
ঘটনার সূচনা হয় গত ২২ জুলাই, যখন পাইকগাছা বাজারের ‘মর্ডান বেকারি’র কর্মীরা স্থানীয় বিক্রেতা ইসমাইলের কাছ থেকে চার কেজি গরুর মাংস কেনেন।
বেকারিতে রান্নার সময় স্বাভাবিক লালচে মাংস হঠাৎ উজ্জ্বল সবুজ হয়ে গেলে কর্মীরা কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানায় যান।
সেই পরিস্থিতিতে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করে বিএফএসএর ল্যাবরেটরিতে পাঠানো হয়।
পরীক্ষার প্রতিবেদনে জানানো হয়, নমুনায় কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা রং পরিবর্তনকারী Pseudomonas ব্যাকটেরিয়ার উপস্থিতি মেলেনি। মাংসটিতে পচনজনিত দুর্গন্ধ বা আঠালো ভাবও ছিল না।
স্পেকট্রোফোটোমেট্রিক পরীক্ষার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষিত মাংস উচ্চ তাপে রান্নার ফলে মায়োগ্লোবিন বা হিম-রঞ্জক পদার্থের রাসায়নিক ও গাঠনিক পরিবর্তন ঘটে এই রূপ নিয়েছে।
যদিও ল্যাব প্রতিবেদনে কারণটি শতভাগ নিশ্চিত করা হয়নি, তবে দীর্ঘ হিমায়িত অবস্থা ও উচ্চ তাপের বিক্রিয়াকেই মূল সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্থানীয়দের ভয় ও আতঙ্ক দূর করতে বিএফএসএ পরীক্ষার প্রতিবেদনটি প্রশাসনের কাছে পাঠিয়েছে, যার মাধ্যমে বিষক্রিয়া বা জীবাণুদূষণের আশঙ্কার অবসান ঘটেছে।

ডেস্ক রিপোর্ট 


















