আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চ কর্মসূচিকে একই ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁনের অভিযোগ, ১৯৯৬ সালের মতো এবারও আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নামার চেষ্টা করছে জামায়াত। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের লক্ষ্যেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আলোচিত ‘মক্কা সামরিক চুক্তি’ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল চুক্তিটির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। দেশের জনগণের একটি বড় অংশও এতে ইতিবাচক বলে দাবি করেন তিনি। তবে দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক নীতি ও জাতীয় নিরাপত্তা বিবেচনায় নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান।
এদিকে ডাকসুর জিএস পদ ফিরে পাওয়ার বিষয়েও কথা বলেন রাশেদ খাঁন। তার দাবি, তৎকালীন ডাকসু নির্বাচনে ভিপি পদে নুরুল হক নুর এবং জিএস পদে তিনি জয়ী হলেও আওয়ামী লীগ সরকারের ইশারায় তাকে পরাজিত দেখানো হয়েছিল।
জিএস পদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাজারো শিক্ষার্থীর ভোটাধিকারকে সম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 






















