পানিকে রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, পানি এই অঞ্চলের মানুষের জীবন ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। তাই কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অভিন্ন পানিসম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের বৈঠকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলোকে অবশ্যই এর মূল উদ্দেশ্য ও নির্ধারিত শর্ত অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। অভিন্ন পানিসম্পদ নিয়ে কোনো বিরোধ দেখা দিলে আন্তর্জাতিক আইন ও প্রচলিত ব্যবস্থার মাধ্যমেই তার সমাধান করা উচিত।
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য এলো।
তিনি বলেন, পানি শুধু বর্তমান প্রজন্মের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত। টেকসই শান্তি ও আঞ্চলিক সহযোগিতা ছাড়া দক্ষিণ এশিয়া তার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন শাহবাজ। তিনি স্পষ্ট করেন, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।
পাকিস্তান বহুপক্ষীয় ব্যবস্থা শক্তিশালী করা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পক্ষে বলেও জানান তিনি। সাম্প্রতিক আঞ্চলিক সংকটের সময় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় উত্তেজনা কমাতে ভূমিকা রাখার দাবিও করেন দেশটির প্রধানমন্ত্রী।
শাহবাজ আরও বলেন, নিরাপদ জ্বালানি করিডোর নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক চুক্তি ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 






















