পড়তে কিংবা লিখতে জানেন না। কিন্তু কোরআনের প্রতি গভীর ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে শুনে শুনেই পুরো পবিত্র কোরআন হিফজ করেছেন মিশরের ৭১ বছর বয়সী নারী সানা আবদেল সাত্তার।
মিশরের মনুফিয়া প্রদেশের শোহাদা এলাকার মিত শাহালা গ্রামের বাসিন্দা সানা ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শুনতেন। সময়ের সঙ্গে কোরআনের প্রতি তৈরি হয় গভীর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই শুরু করেন কোরআন মুখস্থ করার চেষ্টা।
তবে জীবনের নানা দায়িত্ব ও প্রতিকূলতায় তার সেই পথ বারবার থেমে যায়। তবুও হাল ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত ৭১ বছর বয়সে এসে সম্পন্ন করেন পুরো কোরআন হিফজ।
সানা পড়তে বা লিখতে না জানায় অন্যদের মতো কোরআন দেখে দেখে মুখস্থ করার সুযোগ ছিল না। তিনি তিলাওয়াত শুনে শুনে আয়াত মনে রাখতেন এবং বারবার পুনরাবৃত্তির মাধ্যমে তা মুখস্থ করতেন।
বর্তমানে নিয়মিত কোরআন পুনরাবৃত্তি করছেন তিনি। মিসরীয় সংবাদমাধ্যম মাসরাওয়ির প্রতিবেদনে বলা হয়েছে, সানা প্রতিদিন প্রায় পাঁচ পারা কোরআন পুনরাবৃত্তি করেন।
তার এই দীর্ঘ সাধনা প্রমাণ করে—শেখার পথে বয়স কিংবা শারীরিক সীমাবদ্ধতা সবসময় বাধা হয়ে দাঁড়াতে পারে না; ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে কঠিন লক্ষ্যও অর্জন করা সম্ভব।

ডেস্ক রিপোর্ট 
























