আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় ঢ়ুকে পড়া আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
আজ বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা সূত্রের মতে, পাকিস্তান বিমানবাহিনীর নিয়ন্ত্রণাধীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো শনাক্ত করে। পরে সেগুলো প্রতিহত করা হয়। এর মধ্যে চারটি ড্রোন তোরখাম সীমান্তসংলগ্ন এলাকায় এবং অপর চারটি কোহাটের কাছের পার্বত্য এলাকায় ভূপাতিত করা হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ উদ্ধারের পর হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। পাক-আফগান সীমান্তে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক সক্রিয় ও প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো এ ঘটনাকে আফগানিস্তানের তালেবান সরকারের সন্ত্রাসীদের প্রতি সমর্থন ও পৃষ্ঠপোষকতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এই কাপুরুষোচিত চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
এদিকে আফগানিস্তান থেকে কুররাম সেক্টরে ফিতনা আল-খাওয়ারিজি নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশের চেষ্টাও ব্যর্থ করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের দাবি, মঙ্গলবার রাতে আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশের বিভিন্ন অবস্থান থেকে তালেবানের তত্ত্বাবধানে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। সীমান্তে মোতায়েন পাকিস্তানি সেনারা তা প্রতিহত করে।
পাকিস্তানের দাবি, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আফগান তালেবান সীমান্তে পাকিস্তানের বিভিন্ন পোস্ট লক্ষ্য করে ভারী অস্ত্র ও মর্টারসহ বিভিন্ন অস্ত্র দিয়ে গুলি চালায়। জবাবে পাকিস্তানি বাহিনী আফগান তালেবানের কয়েকটি সীমান্ত পোস্ট, মর্টার অবস্থান ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালায়। এতে আর্টিলারিসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে।
এর আগে, দুই দিন আগে কৌশলগত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ার কোহাট, হাঙ্গু ও থাল এলাকায় স্থল অভিযান ও বিমান হামলা চালায় পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলার পর এসব অভিযান চালানো হয়। এর মধ্যে কোহাটে কয়েকটি হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ২২ জন নিহত হন।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, গোয়েন্দাভিত্তিক স্থল অভিযানের পর সন্ত্রাসী সংগঠনগুলোর কথিত আস্তানা ও নিরাপদ ঘাঁটি লক্ষ্য করে নিয়ন্ত্রিত বিমান হামলা চালানো হয়েছে।
সূত্র: জিও নিউজ

ডেস্ক রিপোর্ট 


















