কুষ্টিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সামনে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা হট্টগোল-হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সভাস্থলের চেয়ার তুলে মারামারিও করেন তারা। এতে বেশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় মতবিনিময় সভা। পরে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশও উপস্থিত হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি জানান, ছাত্রদলের কোনো দুইগ্রুপ নেই। কথা কাটাকাটির জেরে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানে তারা কাজ করছেন।
কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ জানান, ছাত্রদলের শ্লোগান নিয়ে নিজেদের ভেতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাৎক্ষণিক বিষয়টি বাইরে থেকে সমাধান করে দেন। আমরা বিষয়টি প্রথমে টের পায়নি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শুরু হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা ইয়াসমিন ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 


















