কুমিল্লার লাকসাম উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনার অভিযোগ উঠেছে। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা উল্লেখ করে সোমবার (২৮ সেপ্টেম্বর) একটি তালিকা প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রকাশিত কমিটিতে মুজিবুর রহমান দুলালকে সভাপতি, মো. নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক, তমিজ উদ্দিন আহম্মদ চুন্নুকে যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম চৌধুরী হীরাকে সাংগঠনিক সম্পাদক এবং এম এ জলিলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠনের কারণ হিসেবে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে, লাকসামে দীর্ঘদিন ধরে একাধিক প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন থাকায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ, স্বাধীন সাংবাদিকতা এবং প্রকৃত গণমাধ্যমকর্মীদের মান-মর্যাদা রক্ষার লক্ষ্যে এমপি আবুল কালামের নির্দেশে ওই কমিটি গঠন করা হয়েছে।
তবে একজন সংসদ সদস্যের নির্দেশে প্রেসক্লাবের কমিটি গঠনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতারা। অনেকে সাংবাদিকতায় এমন হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী বলেন, বিষয়টি মারাত্মক। কুমিল্লার সাবেক এমপি বাহার সাংবাদিকতায় হস্তক্ষেপ করতেন। আজকে দেখলাম লাকসাম প্রেসক্লাবেও একই চিত্র। কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, একজন এমপি উপজেলা প্রেসক্লাবের কমিটি দিয়েছেন, এটা লজ্জাজনক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর হস্তক্ষেপ। যদি বিষয়টি সঠিক হয়ে থাকে, তাহলে এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে নবগঠিত লাকসাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, ‘লাকসামে একাধিক প্রেসক্লাব থাকায় ঐক্য বজায় রাখার লক্ষ্যে সঠিক গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি কমিটি গঠনের জন্য তিনি (এমপি) প্যাডে স্বাক্ষর করেছেন। তিনি অনুমোদন দেওয়ার কেউ নন। শুধু মিলমিশ থাকার জন্য এটা করা হয়েছে।
অনলাইন গণমাধ্যম ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান বলেন, বিএনপির ১২ জনের মতো এমপি এ ধরনের কাজ করছেন। কুমিল্লার লাকসাম উপজেলা প্রেসক্লাবের কমিটির অনুমোদন স্থানীয় এমপি আবুল কালাম দিয়েছেন। এ ধরনের মশকরা বন্ধ করুন। অবিলম্বে এই কমিটি বাতিল করে গণমাধ্যম ব্যক্তিত্বদের কাছে এসব দায়িত্ব ছেড়ে দিন।
এদিকে কমিটি গঠনে নিজের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম গণমাধ্যমকর্মীদের বলেন, আমি আংশিক কমিটি দিয়েছি। আমি প্রেসক্লাবের প্যাডে কমিটি দিয়েছি।
প্রেসক্লাব কোনো দলীয় সংগঠন নয়, একজন এমপি হিসেবে প্রেসক্লাবের কমিটি দিতে পারেন কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার এলাকা হিসেবে আমি কমিটি দিয়েছি। এ বিষয়ে আমি আমার ওপরস্থ মহলের সঙ্গে কথা বলেছি। আমার দলের সঙ্গে কথা বলে দিয়েছি। আমি তো আইনপ্রণেতা হিসেবে নতুন এসেছি।

ডেস্ক রিপোর্ট 


















