ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক শহীদ ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি। তার এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসে ওমর হাদি জানান, তার ভাইয়ের হত্যাকাণ্ডের আগে ও পরে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তিনি বিস্তারিত লিখবেন। তবে আসন্ন লেখায় ইনকিলাব মঞ্চের কিছু সদস্য সম্পর্কে বিভিন্ন বিষয় উঠে আসতে পারে উল্লেখ করে তিনি আগাম দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন এবং তার পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
পরে তার মরদেহ দেশে আনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

ডেস্ক রিপোর্ট 























