গণমাধ্যমকে সমাজের ‘চতুর্থ স্তম্ভ’ আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই সমাজে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে। এমনকি কোনো সংবাদ তার ব্যক্তিগত বা দলের বিরুদ্ধে গেলেও সত্য প্রকাশে যেন সাংবাদিকরা পিছিয়ে না যান, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার (১ আগস্ট) সিলেটের বন্দরবাজারে কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদ পত্রিকার ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যম সমাজের আয়না। একজন প্রকৃত সাংবাদিক তথ্য বিকৃত না করে সত্য তুলে ধরেন বলেই তারা সমাজের বিবেক হিসেবে পরিচিত। তিনি জোর দিয়ে বলেন, “সত্য যদি আমার বা আমার দলের বিরুদ্ধেও যায়, তবুও তা নির্ভয়ে প্রকাশ করুন।”
তিনি আরও বলেন, জালালাবাদ কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নিরপেক্ষতা বজায় রাখুক। একই সঙ্গে সমাজে আস্থার সংকট দূর করতে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 





















