ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই এখন রাজনৈতিক বিভ্রান্তি বা অস্থিরতার নয়, বরং দেশ পুনর্গঠন ও উন্নয়নের সময়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, একটি মহল রাজপথে অস্থিরতা সৃষ্টি এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সরকার এসব পরিস্থিতির ওপর নজর রাখছে এবং রাষ্ট্রের নিরাপত্তা ও জনস্বার্থে প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বার্থ রক্ষা করা। সেই লক্ষ্য অর্জনের পর এখন সরকারের প্রধান অঙ্গীকার উন্নয়ন, সংস্কার এবং কর্মসংস্থানমুখী রাষ্ট্র গঠন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদের দুঃশাসন ও চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সহিংসতা বা অসহিষ্ণুতার কোনো সম্পর্ক নেই। সমাজে অপসংস্কৃতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান কোনো একক দলের নয়, বরং দল-মত নির্বিশেষে সমগ্র জাতির আন্দোলন। এই অর্জনকে কাজে লাগিয়ে বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অন্যরা।

ডেস্ক রিপোর্ট 





















