ইরানের ওপর পারমাণবিক হামলার চিন্তা বাদ দিয়েছেন কি না? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গতকাল এমন প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। আর প্রশ্ন শুনে ক্ষিপ্ত হন তিনি। ওই সাংবাদিকের প্রশ্নকে স্টুপিড প্রশ্ন হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, তারা ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এখন কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।
যদিও ট্রাম্প এর আগে একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলেছিলেন। ওই নারী সাংবাদিককে ট্রাম্পকে প্রশ্ন করেন, “ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা বাদ দিয়েছেন কি না?”
জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি হয়ত কখনো এর উত্তর দিতাম না। তবে উত্তর হলো হ্যাঁ। আমি ইরানে পারমাণবিক হামলার চিন্তা বাদ দিয়েছি। (এখন) পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। সত্যিকার অর্থে কী স্টুপিড প্রশ্ন এটি। ইরান সামরিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। তো আমি তাদের হারিয়েছি, এখন তাদের ওপর আমার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত! কী স্টুপিড প্রশ্ন।”
গত ২৮ ফেব্রয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলার পর মার্কিনি ও ইরানিদের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি হয়। তবে এটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দুই দেশের মধ্যে হামলার তীব্রতা কমে গেলেও গত রোববার আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সূত্র: মিডেল ইস্ট আই

ডেস্ক রিপোর্ট 

















