পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে দেশের সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেবেন তিনি। রোববার (২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ ব্যাপারে মত দিয়েছেন।

পোস্টে সজীব ভূঁইয়া বলেন, “যদি আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়ে, তাহলে যারা আমাদের ক্ষতি করতে চায় বা আমাদের উপর গোলামির শেকল পরিয়ে রাখতে চাইছে, তারা সফল হবে না। তাদের দিক থেকে প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে।” তিনি অভিযোগ করেন, সিস্টেমের ভেতরে থাকা কিছু ‘গোলাম এজেন্ট’ আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পে বাধা সৃষ্টি করেছে, ফলে প্রকল্প পাশ করতেই আট মাসের বেশি সময় লেগেছে।

তিনি আরও বলেন, “আমাদের বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে এখান থেকে এডভান্স প্রশিক্ষণ পান — আমি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে প্রশিক্ষণ আরও এডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন।” সজীব ভূঁইয়া জানান, দেশের ভৌগলিক বাস্তবতা বিবেচনায় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে গণপ্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই এবং বড় পরিসরে কাজ করার সুযোগ এলে তিনি সকল নাগরিককে বাধ্যতামূলক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা করবেন, ইনশাআল্লাহ।