বগুড়ায় নির্বাচনী সহিংসতায় চোখ হারানো বিএনপি নেতার পাশে তারেক রহমান
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ রানার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই লাখ টাকার চেক মাসুদ রানার হাতে তুলে দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন।
এছাড়াও তার ব্যক্তিগত তহবিল এবং স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে সংগৃহীত আরও দেড় লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী একজন কর্মীবান্ধব ও মানবিক নেতা। মাসুদের চিকিৎসার জন্য আবেদন করার পর দ্রুত সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, একটি চোখের ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ সম্ভব নয়, তবে বিপদের সময় পাশে দাঁড়ানোই বড় বিষয়।
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে ভোটসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা গুরুতর আহত হন এবং তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ডেস্ক রিপোর্ট 



















