ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত দণ্ডের অর্থ আদায়ে প্রয়োজন হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রির নির্দেশ দিয়েছেন। আদায়কৃত অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাহুল নামে একজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য পাঁচ আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় দুই তরুণী ও তাদের সঙ্গীদের পথরোধ করে অভিযুক্তরা। পরে দুই তরুণীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় তাদের সঙ্গীদের মারধর করে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং ঘটনার ভিডিও ধারণেরও অভিযোগ রয়েছে।
ঘটনার চার দিন পর ভুক্তভোগীদের একজনের বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

ডেস্ক রিপোর্ট 























