দেশের পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল হলেও এর পেছনে শক্তিশালী ভিত্তি তৈরি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তারা এসব দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
অতীতে সংখ্যালঘু ও জাতিগতভাবে কম জনগোষ্ঠীর ওপর বিভিন্ন সময় নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটলেও রাষ্ট্র বা সরকার অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন নাহিদ। তার মতে, এভাবে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে।
তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা গেলে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। এতে সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে আত্মার বন্ধন রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের বহু সংস্কৃতি ও বহু ধর্মের মানুষের পারস্পরিক যোগাযোগ ও মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই এই অঞ্চলের ঐতিহ্য গড়ে উঠেছে। এই সম্প্রীতি ও মেলবন্ধন ধরে রাখতে হবে।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বাংলাদেশ ও এনসিপিকে আশীর্বাদে রাখার আহ্বান জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 




















