যেকোনো সময়ের তুলনায় বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
শুক্রবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কেউ অন্যায়, অনিয়ম বা দুর্নীতি করলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে হবে। তবে বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে অপতথ্য প্রচার বা কাউকে হেয়প্রতিপন্ন করা যাবে না। একই সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে রাষ্ট্রদ্রোহিতার মতো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক পেশায় অন্য অনেক পেশার মতো অবসরকালীন ভাতার ব্যবস্থা নেই। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বর্তমানের তুলনায় তিনগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে যথাযথ যাচাই-বাছাই করে সহজে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
রাজনৈতিক দলের সমর্থক হলেও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তবে সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের সময় কোনো দলের পক্ষে না গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

ডেস্ক রিপোর্ট 




















