যাত্রীদের ফেরিতে ওঠার আগে বাস থেকে নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ‘কবরী’ নামের ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি ফেরির কনভেনশন পকেট দিয়ে ঢুকে বিপরীত পাশের র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।
তবে নির্দেশনা অনুযায়ী আগেই সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং বাসের চালক ও সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, ফেরিঘাট এলাকায় নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ করার কারণে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে যাত্রী নামিয়ে নেওয়া, নির্ধারিত পথ ব্যবহার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মানার ওপর আরও গুরুত্বারোপ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















